ভারতে মন্দিরের টিকিট সংগ্রহে হুড়োহুড়ি, পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ভারতের মন্দিরে ঢোকার জন্য বিনামূল্যে টিকিট সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩৫ জন।

বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের কাছে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ১০ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সময়কে শ্রীভেঙ্কটেশ্বর স্বামী মন্দির পরিদর্শনের জন্য শুভ সময় বলে বিবেচনা করা হয়। মন্দিরটি তিরুপতি মন্দির নামে বেশি পরিচিত। সেখানে ঢোকার জন্য আগেভাগেই টিকিট সংগ্রহের চেষ্টা করছিল মানুষ।

পুলিশের এক অভিযোগে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটার মধ্যে একটি স্কুলের সামনে ঘটনাটি ঘটেছে। মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে স্কুলটির অবস্থান। বৃহস্পতিবার থেকে টিকিট দেওয়ার জন্য আগে থেকেই কাউন্টার প্রস্তুত করেছিল রাজ্য কর্তৃপক্ষ।

ভিডিওতে দেখা গেছে, টিকিট সংগ্রহ করতে আসা মানুষের ভিড় সামাল দিতে পুলিশ হিমশিম খাচ্ছে।

বৃহস্পতিবার ডিস্ট্রিক্ট কালেক্টর এস ভেঙ্কটেশ্বর সাংবাদিকদের বলেন, “ফটক খোলার পর এই পদপিষ্টের ঘটনা ঘটেছে। প্রায় আড়াই হাজার মানুষ হুড়োহুড়ি করে ওই ফটক দিয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় কয়েকজন পড়ে যায়।”

তিনি আরও বলেন, এখনও এই পদপিষ্টের ঘটনার কারণ জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

২০০ বছরের পুরনো এই মন্দিরে ঢোকার জন্য টিকিটপ্রতি সাধারণত ৩০০ রুপি করে নেওয়া হয়। এসব টিকিট অনলাইনে বিক্রি হয়। সূত্র: রয়টার্স, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights