ভারত-পাকিস্তানের চেয়ে ভারত-বাংলাদেশ ম্যাচ বেশি প্রাণবন্ত : নান্নু

অনলাইন ডেস্ক
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভক্ত-সমর্থকদের মাঝে চরম উত্তেজনা। খেলা শুরুর আগে মাঠের বাইরে নানান তর্ক-বিতর্ক, আলোচনা হয়। ভক্ত-সমর্থকরা প্রত্যাশা করে ম্যাচটি হবে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে গত কয়েক বছর থেকে মাঠের খেলায় ভারতের সঙ্গে পাকিস্তান কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। ম্যাচটি হয়ে যাচ্ছে একপেশে।

কলম্বোতে রবিবার সন্ধ্যার ম্যাচেও দেখা গেছে, ভারতের একক আধিপত্য। স্পিনবান্ধব উইকেটে টস হেরে আগে ব্যাট করে ইশান কিষানের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে ভর করে ১৭৫ রান করে ভারত। জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৯ ম্যাচের ৮টিই হারল পাকিস্তান। এছাড়া গত বছরের এশিয়া কাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেও পাকিস্তানকে অনায়াসেই হারায় ভারত। সব মিলিয়ে কোনো সংস্করণেই ভারতের সঙ্গে লড়াইও করতে পারছে না পাকিস্তান।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর দাবি, ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে এখন বাংলাদেশ ও ভারতের ম্যাচই হয় অধিক প্রাণবন্ত। তার মতে, বাংলাদেশ-ভারতের মধ্যকার খেলাতেই সবার নজর থাকে বেশি।

সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এখন তো মনে হয়, এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশ-ভারতের খেলা এর (ভারত-পাকিস্তানের) চেয়ে বেশি প্রাণবন্ত হয়। আমারও এটা মনে হয় যে, এখন ভারত-পাকিস্তান ম্যাচের থেকে বাংলাদেশ-ভারত ম্যাচের দিকে মানুষের নজর থাকে বেশি। এই বিশ্বকাপে এটা মিস হচ্ছে। তবু আমি মনে করি, ওই খেলার চেয়ে এখন বাংলাদেশের ফোকাসটা বেশি।’

নানা ঘটনাপ্রবাহের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। এর ফাঁকা সময়ে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট খেলবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

নান্নুর মতে, সামনের পাকিস্তান সিরিজের জন্য কাজে দেবে এই টুর্নামেন্ট।

তিনি বলেন, ‘অবশ্যই এটা কার্যকরী হবে। অনেকদিন ধরে আমরা পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলছি না। যেহেতু একটা (টুর্নামেন্ট) শুরু করছি এই জায়গা থেকে… ধরুন ২০২৭-এর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শুরু হচ্ছে। তো আমি মনে করি যে, ভালো ক্রিকেটটা দিয়ে আমরা শুরু করছি এবং ভালো স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট আমরা দেখতে পাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights