ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে উত্তেজনা, বেশ কিছু নিষেধাজ্ঞা জারি

অনলাইন ডেস্ক
সূর্যকুমার যাদবের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। প্রথম ম্যাচ হবে গোয়ালিয়রে। আগামী রবিবারের সেই ম্যাচের আগে হঠাৎ বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কোনও রকম প্রতিবাদ করা যাবে না। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হিংসাত্মক কোনও কিছু ছড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। শান্তি বজায় রাখতে বলা হয়েছে। ম্যাচ ঘিরে কোনও উত্তেজনা চাইছে না প্রশাসন।

রবিবার ম্যাচ থাকলেও এই সব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সোমবার পর্যন্ত। হিন্দু মহাসভা ভারত-বাংলাদেশ ম্যাচের দিন ‘গোয়ালিয়র বন্‌ধ’এর ডাক দিয়েছে। বুধবার হিন্দু মহাসভার পক্ষ থেকে রবিবারের ম্যাচ বাতিল করার দাবি তোলা হয়। গোয়ালিয়রের জেলাশাসক রুচিকা চৌহান তার পরেই সব রকম প্রতিবাদের উপর নিষেধাজ্ঞা জারি করেন।

ধর্মীয় ভাবাবেগ কাজে লাগিয়ে রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন অনেকে। সেই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি, ভিডিও বা অন্য কোনও রকমভাবে হিংসাত্মক বার্তা ছড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ যদি এই নিষেধাজ্ঞা না মানেন, তা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। রবিবার যে দর্শকরা খেলা দেখতে আসবেন, তারা ব্যানার, পোস্টার, পতাকা, কাটআউটে আপত্তিজনক কোনও কিছু লিখে আনতে পারবেন না। ১৪ বছর পর গোয়ালিয়রে আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। তার আগে কোনও রকম গন্ডগোল চাইছে না ভারতের মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা এবং গোয়ালিয়রের প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights