ভারত মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে রাজি: প্রেসিডেন্ট মুইজ্জু

অনলাইন ডেস্ক

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু জানিয়েছেন, ভারত তাদের দেশে থাকা সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে গত মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মুইজ্জু। তিনি মালদ্বীপের ‘ভারত প্রথম’ (ইন্ডিয়া ফার্স্ট) নীতি পরিবর্তনের জন্য নির্বাচনে প্রচার চালিয়েছিলেন।

প্রায় ৭৫ জন ভারতীয় সেনা মালদ্বীপে উপস্থিতি রয়েছে। নির্বাচনে জয়ী হলে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা সরানোর বিষয়ে মুইজ্জু নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মুইজ্জু গতকাল সাংবাদিকদের বলেন, আমাদের আলোচনায় ভারত সরকার ভারতীয় সেনাদের সরিয়ে নিতে রাজি হয়েছে।

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পসংক্রান্ত ইস্যুর সুরাহায় আমরা একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করতেও সম্মত হয়েছি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কপ-২৮ সম্মেলনের ফাঁকে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মালদ্বীপের প্রেসিডেন্ট এসব কথা বলেন।
নয়াদিল্লিতে ভারতের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ভারত ও মালদ্বীপের মধ্যে আলোচনা হয়েছে। উভয় পক্ষই ভারতের সহায়তার গুরুত্বের কথা স্বীকার করেছে। তবে ভারতের এই কর্মকর্তা মুইজ্জুর মন্তব্যের বিষয়ে সরাসরি কিছু বলেননি।

দুর্যোগ মোকাবিলায় মালদ্বীপকে সহায়তা করে ভারত। কিছু সামরিক সরঞ্জাম সরবরাহ করে দিল্লি। এ ছাড়া একটি নৌ ডকইয়ার্ড তৈরিতে মালদ্বীপকে সহায়তা করছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights