ভারত ম্যাচের আগে হাইকমিশনারের সঙ্গে বাফুফে সভাপতির সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ২৫ মার্চ ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে মাঠে গড়াবে ম্যাচটি। ফিরতি লেগ খেলতে ১৮ নভেম্বর ঢাকা আসবে ভারতও।

আজ সোমবার এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ সময় বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিমও উপস্থিত ছিলেন।

শিলং যাওয়ার আগে ৫ মার্চ দুপুরে অনুশীলন করার জন্য সৌদি আরব সফর করবে বাংলাদেশ। সেখানে অনুশীলন ক্যাম্প করে ১৮ মার্চ ঢাকায় ফিরবেন জামালরা। তারপর বাংলাদেশ দলের ২০ অথবা ২১ মার্চ শিলং যাওয়ার কথা রয়েছে। তাই পুরো দলের জন্য সৌদি আরব যাওয়ার আগেই ভারতের ভিসার জন্য আবেদন করা হয়েছিল বাফুফে থেকে।

আশার কথা আগামী পরশু দিন সৌদি আরবের ফ্লাইটের আগেই বাংলাদেশ দলের সবার ভিসা ইস্যু হয়েছে।

বিষয়টি জানিয়ে ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম বলেছেন, আমাদের সাক্ষাৎটি ছিল সৌজন্যমূলক। আমরা একে অপরের দেশে খেলতে যাব। এটা নিয়ে কথা হয়েছে। ভারতের হাইকমিশনার আমাদের নারী ফুটবলের প্রশংসা করেছেন। তাদের ওখানে মেয়েদের লিগ খেলার বিষয়টি এসেছে। স্পোর্টস মেডিসিন নিয়ে কথা হয়েছে। ফুটবলের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন করে উন্নয়নের কথা আলোচনায় এসেছে। এছাড়া, আমাদের দলের সবার ভিসা তো হয়ে গেছে। সবাই পাসপোর্টও নিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights