ভারত ম্যাচ না খেললে মামলা হতে পারে, পিসিবিকে আইসিসির সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে বড় আর্থিক ও আইনি ঝুঁকির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানকে সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত না হলে টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচারক জিওস্টার আইনি পদক্ষেপ নিতে পারে।

পাকিস্তান সরকারের নির্দেশে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। তবে এই সিদ্ধান্তের পেছনের কারণ এখনো লিখিতভাবে আইসিসিকে জানানো হয়নি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবি সূত্র জানিয়েছে, ভারত ম্যাচ বর্জনের কারণে আইসিসি পাকিস্তানের বার্ষিক রাজস্ব অংশীদারিত্ব থেকে প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার কেটে নিতে পারে। সেই অর্থ সম্প্রচারককে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

পিসিবি সূত্র আরও জানায়, অবস্থান পরিবর্তন না করলে শুধু আর্থিক জরিমানাই নয়, সম্প্রচারকের পক্ষ থেকে সরাসরি মামলার মুখেও পড়তে হতে পারে বোর্ডকে। এমনকি বিষয়টি আইসিসির ডিসপিউট রেজল্যুশন কমিটিতে (ডিআরসি) গেলেও পিসিবির পক্ষে রায় আসার সম্ভাবনা কম।

চার বছরের সম্প্রচার চুক্তিতে ভারত-পাকিস্তান ম্যাচগুলোকে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ধরা হয়েছিল। ফলে এই ম্যাচটি না হলে চুক্তিভঙ্গের অভিযোগে আইসিসি ও পিসিবি উভয় পক্ষই আইনি জটিলতায় পড়তে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হচ্ছে শনিবার (৭ ফেব্রুয়ারি)। ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকলেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচ নিয়ে তৈরি হওয়া এই অনিশ্চয়তা টুর্নামেন্টের সামগ্রিক পরিকল্পনা ও বাণিজ্যিক দিকেও বড় প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights