ভারত সীমান্তে উন্নত প্রযুক্তির চীনা কামান মোতায়েন করল পাকিস্তান
অনলাইন ডেস্ক
ভারতের সাথে সীমানা জুড়ে নিজেদের সামরিক সক্ষমতা জোরদার করতে চীনের তৈরি ২৫০টি ‘এসএইচ-১৫’ ট্রাক-মাউন্টেড সেলফ-প্রোপেলড হাউটজার মোতায়েন করেছে পাকিস্তান। শীর্ষ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রস্তুত করা এক প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমগ্র পূর্ব সীমান্ত অঞ্চল জুড়ে এই ১৫৫ মিলিমিটারের দূরপাল্লার কামানগুলো স্থাপন করা হয়েছে। ২০২৫ সালের মে মাসে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুরের পর সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এটিই ইসলামাবাদের সবচেয়ে বড় পদক্ষেপ।
২০২৫ সালের ২২ এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ জনের মৃত্যুর পর মে মাসে ভারত সামরিক অভিযান হিসেবে অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল। এর পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক টানাপোড়েন আরও বৃদ্ধি পায় এবং পাকিস্তান তাদের সীমান্ত প্রতিরক্ষা ঢেলে সাজাতে শুরু করে।
চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ‘নরিনকো’-র তৈরি এই এসএইচ-১৫ কামানটি একটি চার দরজাবিশিষ্ট ৬x৬ চ্যাসিসের ওপর নির্মিত এবং এর ছাদে একটি ১২.৭ মিলিমিটারের মেশিনগান যুক্ত রয়েছে। ৪০০ হর্সপাওয়ারের ডিজেল ইঞ্জিনচালিত এই হাওইটজারটির পাওয়ার-টু-ওয়েট রেশিও প্রতি টনে ১৫.৬৮ হর্সপাওয়ার। এটি সাধারণ ন্যাটো-সামঞ্জস্যপূর্ণ ৩০ থেকে ৪০ কিলোমিটার পাল্লার গোলাবারুদ নিক্ষেপ করতে সক্ষম। তবে বিশেষ ধরনের রকেট-অ্যাসিস্টেড প্রজেক্টাইল ব্যবহারের মাধ্যমে এর সর্বোচ্চ পাল্লা ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এছাড়া আধুনিক অটোমেটিক ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং হাইড্রোলিক স্পেডের সুবিধাসম্পন্ন এই সিস্টেমটি দ্রুত অবস্থান নিয়ে প্রতি মিনিটে ৬ রাউন্ড পর্যন্ত গোলা বর্ষণ করে প্রতিপক্ষের পাল্টা আঘাতের আগেই সরে পড়তে সক্ষম।
পাকিস্তান ও চীনের মধ্যকার ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্কের ফল হিসেবেই এই বিশাল সামরিক চালান মোতায়েনকে দেখা হচ্ছে। সম্প্রতি রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে চিনের শীর্ষ কূটনীতিক ও সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির দুই দেশের সম্পর্ককে অবিচল ও সময়-পরীক্ষিত বলে মন্তব্য করেন। অন্যদিকে, অর্থনৈতিক সংকটের মধ্যেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত বজায় রেখেই পাকিস্তান তাদের নতুন অর্থবছরে প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বাড়িয়ে তিন ট্রিলিয়ন রুপি নির্ধারণ করেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
