ভালুকায় প্রস্তুতির সময় ৩ ডাকাত গ্রেফতার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার আসামি আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ভান্ডাব এলাকায় এসএনএস সিএনজি পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডাকাতরা হলেন- ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের আব্দুল সালামের ছেলে কাইয়ূম, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে শান্ত মিয়া ও উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মৃত এলাহী শেখের ছেলে আল আমিন শেখ।

পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে একদল ডাকাত একটি পিকআপ গাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ভালুকা থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য উপস্থিত হলে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights