ভালোবাসা জানিয়ে মুস্তাফিজকে যে বার্তা দিল লাহোর কালান্দার্স

অনলাইন ডেস্ক
আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঠ মাতাতে এবার লাহোর কালান্দার্সের জার্সি গায়ে জড়াবেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। নিলামের আগেই সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল লাহোর। এবার বিশ্বসেরা এই পেসারকে নিয়ে নিজের আবেগঘন উচ্ছ্বাস প্রকাশ করলেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামিন রানা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি মোস্তাফিজের প্রতি ভালোবাসা জানিয়ে বলেন, ‘ফিজ আমি তোমাকে ভালোবাসি।’

সামিন রানা মোস্তাফিজকে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন হিসেবে অভিহিত করেছেন। তাকে দলে পাওয়াকে লাহোর কালান্দার্সের জন্য অত্যন্ত সম্মানের বিষয় বলে মনে করেন তিনি। মুস্তাফিজের সঙ্গে লাহোরের এই যাত্রা নতুন নয়। এক দশক আগে পিএসএলের শুরুর দিকেই গোল্ড ক্যাটাগরি থেকে তাকে বেছে নিয়েছিল দলটি, যদিও অনাপত্তিপত্র সংক্রান্ত জটিলতায় সেবার তার খেলা হয়নি। সেই পুরোনো স্মৃতি হাতড়ে সামিন জানান, মোস্তাফিজের সঙ্গে তাদের সম্পর্ক বহু বছরের। মাঝে একবার খেলে গেলেও এবার তাকে পূর্ণ মেয়াদে পাওয়াকে ‘পরিবারে ফেরা’ হিসেবে দেখছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের আসরে মুস্তাফিজ জুটি বাঁধবেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির সঙ্গে। ক্রিকেট বিশ্বের অন্যতম ভয়ংকর এই বোলিং জুটি দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের মতো মুখিয়ে আছেন লাহোর মালিকও। বিশেষ করে মিডল ওভার এবং ডেথ ওভারে মুস্তাফিজের কার্যকর বোলিং লাহোরকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে তার বিশ্বাস। বাংলাদেশি এই পেসারের জন্য লাহোর কালান্দার্স খরচ করছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার সমান।

শুধু মোস্তাফিজ নন, ভিডিও বার্তায় বাংলাদেশি ক্রিকেটারদের নিবেদনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সামিন রানা। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ কিংবা রিশাদ হোসেনদের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশি ক্রিকেটাররা কেবল মাঠের পারফরম্যান্সেই সেরা নন, মানুষ হিসেবেও তারা অসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights