ভালো নেই সাবিনা ইয়াসমিন

শোবিজ প্রতিবেদক

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আবারও তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে চলছে তার চিকিৎসা। জানা গেছে, এবার তিনি ওরাল ক্যান্সারের শিকার হয়েছেন। এরই মধ্যে একটি সার্জারি করা হয়েছে তার। দ্রুত দেওয়া হবে রেডিওথেরাপি। তারপর চিকিৎসকরা ভালো-মন্দ বলতে পারবেন। ১৬ বছর আগে ২০০৭ সালে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। সবার সহযোগিতায় ক্যান্সার জয় করে গানে নিয়মিত হয়েছিলেন তিনি। তবে সম্প্রতি আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এ শিল্পী। পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ করছেন সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র রুনা লায়লা ছাড়া তার সমকক্ষ হয়ে কেউ এত লম্বা সময় আধিপত্য বজায় রাখতে পারেননি। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসংগীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ছয়টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সংগীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। ১৯৮৫ সালে গানের জন্য ভারত থেকে ‘ডক্টরেট’, উত্তম কুমার পুরস্কার, ছয়বার বাচসাস পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights