ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানাল ক্যাম্বেলটাউন বাংলা স্কুল

মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানিয়ে প্রতিবছরের মত এবারও ক্যাম্বেলটাউন বাংলা স্কুল আয়োজন করে অমর একুশের (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) অনুষ্ঠান। ২৬শে ফেব্রুয়ারি (রবিবার) স্কুল প্রাঙ্গনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত থেকে ভাষা সংগ্রামীদের স্মরণ করে।

সকাল সাড়ে দশটায় প্রভাতফেরির মাধ্যমে দিনের অনুষ্ঠান শুরু হয়। প্রভাতফেরি স্কুলের খেলার মাঠ থেকে শুরু হয়ে পুরো স্কুল প্রদক্ষিণ করে শহীদ মিনারের বেদিমূলে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল এগারোটায় বাংলা স্কুলের সাধারণ সম্পাদক কাজী আশফাক রহমান সবাইকে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩- এর শুভেচ্ছা জানান। এরপর সবাই দাঁড়িয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত গেয়ে সম্মান প্রদর্শন করেন। এই পর্যায়ে বাংলা ভাষা ও সংস্কৃতি প্রসারে অসামান্য অবদান রাখা বিশিষ্ট সমাজ কর্মী, ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শাহ আলম সৈয়দের হাতে একুশের সম্মাননা ২০২৩ তুলে দেওয়া হয়।

সৈয়দ বাংলাদেশে অবস্থান করায় অনুষ্ঠানের আগেই তার বাড়িতে গিয়ে এই সম্মাননা তুলে দেওয়া হয়। একুশের সম্মাননা তুলে দেওয়ার আয়োজনে উপস্থিত ছিলেন স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পর্ষদ সদস্য নাজমুল আহসান ও আবদুল জলিল এবং বাংলা স্কুল সভাপতি মসিউল আযম খান স্বপন।
মসিউল আযম খান স্বপনের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ‘একুশের চেতনা ও প্রবাসে বাংলা ভাষার চর্চা’ বিষয়ক আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্কুলের অভিভাবক ফারহানা রহমান ও সাবিহা নাজনিন। শুভেচ্ছা বক্তব্য লিখে পাঠান স্থানীয় সংসদ সদস্য আনুলাক চানটিভং। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শিক্ষার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন দি গ্রেঞ্জ পাবলিক স্কুলের অধ্যক্ষ জোডি পেটারসন।

এই পর্ব শেষে বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা একটি অনবদ্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানায়। একক আবৃত্তি, একক গান, বৃন্দ আবৃত্তি এবং সমবেত সংগীতের প্রতিটিতে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সমর্থ হয়। পরিবেশনায় অংশ নেয় রুশনান, স্বপ্নীল, স্বাধীন, মারজান, জেইনা, জাহিয়া, সূহানা, মুহাইমিন, সাজফা, মুন্নাজ্জাহ, অনিরুদ্ধ, নাশভা, রুকসার, নাজিফা, নুসাইবা, মাহরুস, জারিফ, জারিফা, নুসাইবা হক, অর্ণা, রাইনা, সোহারদিতি, ইয়ারা, অস্কার, রাইয়ান, অলিভিয়া, আদিল, সিমরিন, ইয়াশফিন ও আদ্য।

মহান ভাষা আন্দোলনকে উপজীব্য করে একটি চমৎকার ক্ষুদ্র নাটিকা ছাত্রছাত্রীরা পরিবেশন করা হয় যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

ছাত্রছাত্রীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে এই পর্বটি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। নাটিকার রচনা, নির্দেশনা ও পরিচালনায় ছিলেন মসিউল আযম খান স্বপন। এই পর্বের অনুষ্ঠান শেষে অধ্যক্ষ রুমানা খান মোনার নেতৃত্বে শ্রেণি শিক্ষকেরা একটি আকর্ষণীয় দেশের গান পরিবেশন করেন। শিক্ষকেরা হলেন শায়লা ইয়াসমিন নুসরাত, অনিতা মন্ডল, বিশাখা পাল ও নুসরাত মৌরি। পর্বটি পরিচালনা ও সঞ্চালনা করেন শ্রেণি শিক্ষক শায়লা ইয়াসমিন নূসরাত, অনিতা মন্ডল, বিশাখা পাল ও নুসরাত মৌরী।

শেষ পর্বে পরিবেশনা নিয়ে আসেন সিডনির বরেণ্য শিল্পীবৃন্দ। গানে গানে শ্রদ্ধা জানান আনিসুর রহমান, রোকসানা বেগম, দিনা ইভানা, লুৎফা খালেদ ও লোক সংগীত দল আরশিনগর। আরশিনগরের সদস্যরা হলেন তারিক, মাসুদ, তালাত, হিমেল ও শিপলু। কবিতায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মৌমিতা চৌধুরী ও শাহিন শাহনেওয়াজ। কিবোর্ডে ছিলেন মিঠু স্বপ্ন।

অনুষ্ঠানে তবলায় সংগত করেন বিজয় সাহা। দোতারা ও বাঁশিতে ছিলেন তারিক আহমেদ। শব্দ নিয়ন্ত্রকের ভূমিকা পালন করেন স্কুলের কার্যকরি কমিটির সহ সভাপতি ফয়সাল খালিদ শুভ ও ব্যবস্থাপনা পর্ষদ সদস্য নাজমুল আহসান খান। আমন্ত্রিত অতিথি পর্বে সঞ্চালকের ভূমিকায় ছিলেন ফায়সাল খালিদ শুভ। কারিগরি নিয়ন্ত্রণে ছিলেন রাফায়েল রোজারিও।

শহীদ মিনার নির্মাণ ও মঞ্চ সজ্জার দায়িত্ব পালন করেন ইয়াকুব, রাফায়েল, স্বপন, শুভ, শাহিন, মাসুদ ও তারিক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইয়াকুব আলী ও নুরুল ইসলাম শাহিন। আপ্যায়নে ছিলেন সংগীত, শাহীন, টপি, সম্প্রীতি, নূরীণ, সৃজা, রাত্রি, আলিশা, তাহিয়া, তানিয়া ও দৃপ্ত। পুরো আয়োজন জুড়ে বাংলা বইয়ের পসরা নিয়ে আসে প্রশান্ত পাড়ের প্রথম বাংলা বইয়ের দোকান প্রশান্তিকা প্রকাশনী। প্রধান সমন্বয়কারী নাজমুল আহসান খানের সার্বিক তত্ত্বাবধানে বাংলা স্কুলের অমর একুশে (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) এর এবারের আয়োজন দুপুর দুইটায় শেষ হয়। প্রসঙ্গত, ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীর জন্য উন্মুক্ত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights