ভিজিট ভিসায় অবৈধ কাজ : মালয়েশিয়ায় জিরো টলারেন্স নীতি ঘোষণা

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় ভ্রমণ বা ভিজিট ভিসা ব্যবহার করে অবৈধভাবে কাজ করা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

বুধবার (১৪ জানুয়ারি) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দেশটির যোগাযোগমন্ত্রী ও সরকারি মুখপাত্র ফাহমি ফাজিল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি মালয়েশিয়ার ব্যবসায়িক মহলের পক্ষ থেকে ভ্রমণ ভিসায় আসা বিদেশিদের অবৈধভাবে কাজ করা নিয়ে ব্যাপক অভিযোগ উত্থাপিত হয়েছে। এর প্রেক্ষিতে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং আইনি কাঠামো বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

মালয়েশিয়া সরকার জানিয়েছে, অনেক বিদেশি নাগরিক পর্যটক হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করে বিভিন্ন খাতে অননুমোদিতভাবে কাজ করছেন। এতে দেশের শ্রমবাজারের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আইনি জটিলতা সৃষ্টি হচ্ছে। এ ধরনের অপব্যবহার রোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দ্রুত মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে। যারা ভিসার শর্ত লঙ্ঘন করে কাজে লিপ্ত হবেন, তাদের বিরুদ্ধে বিলম্ব না করে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল স্পষ্ট করে বলেন, ব্যবসায়িক সম্প্রদায় ও বিভিন্ন মহলের উদ্বেগের প্রেক্ষিতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যারা ভিজিটর ভিসার অপব্যবহার করে কাজ করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োগকারী সংস্থাগুলো অবিলম্বে কঠোর ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights