ভিনির বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে অনলাইনে ঘৃণামূলক প্রচারণার দায়ে চারজনকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। খবর ইএসপিএন ফুটবলের।

স্পেনের পুলিশ ইএসপিএনকে জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভক্তদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় গিয়ে অপমানসূচক ও বর্ণবাদী মন্তব্য করতে প্ররোচিত করেছিলেন।’ তাদের লক্ষ্য ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ভক্তদের মাস্ক পরে যেতে বলা হয়েছিল যেন কেউ চিহ্নিত করতে না পারে। তবে বিবৃতিতে ভিনিসিয়ুসের নাম উল্লেখ করা হয়নি।
গত ২৯ সেপ্টেম্বর ‘মাদ্রিদ ডার্বি’তে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়ালের ১–১ গোলে ড্র ম্যাচের আগে ভিনিসিয়ুসকে নিয়ে ঘৃণাসূচক প্রচারণায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের আবেদন জানিয়ে তিনটি অভিযোগ করেছিল লা লিগা কর্তৃপক্ষ। এ নিয়ে তদন্ত শুরুর পর তাদের গ্রেফতার করা হলো। এ মাসের শুরুতে এই তদন্ত শুরু হয়। ১৪ ও ১৫ অক্টোবর ঘৃণাসূচক প্রচারণার দায়ে চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, যেহেতু এখনো তদন্ত চলছে, তাই আরও গ্রেফতারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের ঘটনা নতুন নয়। তার বিরুদ্ধে মাঠে ও মাঠের বাইরে বিদ্বেষ ছড়ানোয় শাস্তিও পেয়েছেন বেশ কয়েকজন দর্শক। আবারও রিয়াল মাদ্রিদ তারকাকে নিয়ে বর্ণবাদী প্রচারণার ঘটনা ঘটলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights