ভিনিসিয়ুসকে ঘিরে বর্ণবাদ অভিযোগ, তদন্ত শুরু উয়েফার
অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগে উত্তপ্ত বিতর্কের জন্ম দিয়েছে রিয়াল মাদ্রিদ ও বেনফিকার সাম্প্রতিক লড়াই। ম্যাচে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তে নিয়েছে উয়েফা। লিসবনে অনুষ্ঠিত প্লে-অফের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারায় বেনফিকাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। গোলের পরপরই মাঠে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়।
রেফারির কাছে ভিনিসিয়ুস অভিযোগ করেন, তিনি বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন। উত্তেজনা প্রশমনে সাময়িকভাবে খেলা বন্ধ রাখা হয়। একপর্যায়ে রিয়ালের খেলোয়াড়রা মাঠ ছাড়েন। প্রায় ১১ মিনিট পর পুনরায় ম্যাচ শুরু হয়।
রিয়াল শিবিরের দাবি, বেনফিকার আর্জেন্টাইন তরুণ উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নিওই মন্তব্য করেছেন। সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, প্রেস্তিয়ান্নি জার্সি দিয়ে মুখ ঢেকে কিছু বলছেন। এরপরই রিয়াল খেলোয়াড়দের তীব্র প্রতিক্রিয়া।
ম্যাচ শেষে কিলিয়ান এমবাপ্পেও অভিযোগের সুরে কথা বলেন। তার দাবি, প্রেস্তিয়ান্নি মুখ আড়াল করে ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে অপমানজনক শব্দ ব্যবহার করেছেন।
ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান ভিনিসিয়ুস। স্পেনে অতীতেও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়া এই ব্রাজিলিয়ান লিখেছেন, “বর্ণবাদীরা শেষ পর্যন্ত কাপুরুষ।”
অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখে পড়তে পারেন প্রেস্তিয়ান্নি- ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে খেলোয়াড়ের পাশে দাঁড়িয়েছে বেনফিকা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, দূরত্বের কারণে রিয়াল খেলোয়াড়দের পক্ষে মন্তব্য শোনা সম্ভব ছিল না।
প্রেস্তিয়ান্নিও অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন তিনি। এমনকি ম্যাচ-পরবর্তী সময়ে হুমকির অভিযোগও তুলেছেন এই তরুণ ফুটবলার।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত জানায়নি উয়েফা। তবে এই ঘটনা ইউরোপিয়ান ফুটবলে বর্ণবাদ ইস্যুকে আবারও সামনে নিয়ে এসেছে।
