ভিসা দেয়নি কানাডা, ঘানার প্রথম ম্যাচে দর্শকের ভূমিকায় তারকা মিডফিল্ডার

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের মাঠের লড়াই শুরু হয়ে গেছে। অথচ ফুটবলারদের ভিসা না দিয়ে বিতর্কে জড়িয়ে পড়ছে আয়োজনকারী দেশগুলো। সোমালিয়ার রেফারিকে আমেরিকার ইমিগ্রেশন পুশ-ব্যাক করার ২৪ ঘণ্টার মাথায় এবার খোদ বিশ্বমঞ্চের তারকা ফুটবলারকে ভিসা দিতে অস্বীকৃতি জানাল কানাডা সরকার।

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ঘানার অভিজ্ঞ মিডফিল্ডার টমাস পার্টেইকে প্রবেশের অনুমতি দেয়নি কানাডা। ফলে আগামী ১৭ জুন পানামার বিপক্ষে ঘানার উদ্বোধনী ম্যাচে থাকছেন না এ তারকা মিডফিল্ডার।

শুক্রবার রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক অফিসিয়াল বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফিফা।

কানাডা সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ফিফা নিশ্চিত করছে যে, ঘানার খেলোয়াড় টমাস পার্টেই আগামী ১৭ জুন পানামার বিপক্ষে প্রথম ম্যাচের জন্য যুক্তরাষ্ট্রের বোস্টনের বেসক্যাম্প থেকে কানাডায় ভ্রমণ করতে পারবেন না। কানাডা সরকার তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে। আয়োজক দেশগুলোর ইমিগ্রেশন প্রক্রিয়া বা ভিসা দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে ফিফা কোনোভাবেই জড়িত নয়।

৩২ বছর বয়সী টমাস পার্টেই বর্তমানে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের হয়ে খেলছেন। দীর্ঘদিন ইংলিশ জায়ান্ট আর্সেনালের মাঝমাঠ সামলেছেন তিনি। যুক্তরাজ্যে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে একাধিক ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। পার্টেই অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।

ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, প্রথম ম্যাচ মিস করলেও পার্টেই বর্তমানে বোস্টনে দলের সঙ্গেই অনুশীলন করছেন। যেহেতু গ্রুপ ‘এল’-এর বাকি দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের মাটিতে (বোস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং ফিলাডেলফিয়াতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে) অনুষ্ঠিত হবে, তাই আমেরিকার ভিসা সচল থাকায় পরের ম্যাচগুলোতে খেলতে তার কোনো বাধা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights