ভিসা না দিয়ে অর্থ আত্মসাৎ: রিমান্ডে ৪ আসামি

বাসস
ভিসা না দিয়ে প্রতারণার মাধ্যমে ৯১ শিক্ষার্থীর আট কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় প্রধান আসামি মোহাম্মদ হারুন অর রশিদ ওরফে মো. মতিউর রহমানসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডকৃত অন্য আসামি হলেন- রাবেয়া খাতুন তানিয়া, সাইদুর রহমান ও মো. তানজির ইসলাম। তাদের মধ্যে তানজিরের চারদিন এবং অপর তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভিসা গাইড কম্পানি স্টুডেন্ট ভিসার মাধ্যমে চার মাসের মধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীদের বিদেশে পাঠানোর আশ্বাস দেয়। পরবর্তীতে জাস্ট থট এডুকেশন কনসালট্যান্ট কম্পানি বিভিন্ন সময়ে ৯১ শিক্ষার্থীর কাছে থেকে ৮ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার টাকা গ্রহণ করে। তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করার পর নির্ধারিত সময় অতিবাহিত হলেও বিদেশে পাঠায়নি।

বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানে গেলে তারা স্টুডেন্ট ও ফ্যামিলি ভিসা প্রসেসিংয়ের আশ্বাস দেয়। পরবর্তীতে বিদেশে না পাঠিয়ে টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় ৮ জুলাই ভুক্তভোগীদের পক্ষে আল আমিন বাদী হয়ে রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেন। এতে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights