ভিসিকে-র সমর্থনে ম্যাজিক ফিগার ছুঁয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

অনলাইন ডেস্ক

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে মুখ্যমন্ত্রীর মসনদে বসতে চলেছেন সুপারস্টার বিজয়। অনিশ্চয়তা আর সংখ্যাতত্ত্বের জটিল সমীকরণ কাটিয়ে বিদুথালাই চিরুতাইগাল কাচি (ভিসিকে) তামিলাগা ভেটরি কাজাগামকে (টিভিকে) নিঃশর্ত সমর্থন দেওয়ায় সরকার গঠনের পথ পরিষ্কার হয়েছে। এর মাধ্যমে তামিলনাড়ুর ইতিহাসে প্রথম কোনো জোট সরকার গঠিত হতে যাচ্ছে, যার নেতৃত্বে থাকছেন দক্ষিণী সিনেমার এই জনপ্রিয় মেগাস্টার।

গত বুধবার থেকে রাজ্যপাল আর ভি আর্লেকরের কাছে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে যে টানাপোড়েন চলছিল, ভিসিকে-র সমর্থনপত্র হস্তান্তরের মাধ্যমে তার ইতি ঘটল। বিজয়ের জোটে আগে থেকেই কংগ্রেসের ৫ জন এবং বামপন্থীদের ৪ জন বিধায়কের সমর্থন ছিল। এখন ভিসিকে-র ২ জন বিধায়ক যোগ দেওয়ায় মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১১৮-তে, যা বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’। এনডিটিভি জানিয়েছে, স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার উপহার দিতেই বিজয়কে এই সমর্থন দিয়েছে ভিসিকে।

সরকার গঠনে সমর্থন মিললেও জোটের অন্দরে হিসাবনিকাশ এখনো চলছে। বামপন্থী দলগুলো মন্ত্রিসভায় যোগ না দিয়ে বাইরে থেকে সমর্থনের কথা জানালেও, কংগ্রেস অন্তত দুটি মন্ত্রিত্বের দাবি তুলেছে বলে সূত্রের খবর। এদিকে রাজনৈতিক মহলে জোরালো জল্পনা রয়েছে যে, বিরোধী দল এআইএডিএমকে-র অন্তত তিন জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে বিজয়ের শিবিরে যোগ দিতে পারেন। তেমনটি হলে বিজয়ের হাত আরও শক্তিশালী হবে।

মাত্র দুই বছর আগে গঠিত হওয়া টিভিকে এবারের নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে ১০৮টি আসন পেয়ে সবাইকে চমকে দিয়েছে। বিজয়ের এই অবিশ্বাস্য উত্থানে ডিএমকে এবং এআইএডিএমকে-র মতো শক্তিশালী দলগুলোর ৬২ বছরের দীর্ঘ আধিপত্য ধূলিসাৎ হয়ে গেল। ডিএমকে মাত্র ৫৯টি এবং এআইএডিএমকে ৪৭টি আসনে সংকুচিত হয়ে পড়েছে। নিজে দুটি আসনে জিতলেও নিয়ম মেনে একটি ছেড়ে দেওয়ায় বিজয়ের দলের বর্তমান বিধায়ক সংখ্যা ১০৭।

বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর সবুজ সংকেত আসতেই টিভিকে-এর প্রধান কার্যালয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। কর্মী-সমর্থকরা বাজি ফাটিয়ে এবং মিষ্টি বিতরণ করে তাদের প্রিয় ‘থালাপতি’র এই রাজনৈতিক বিজয় উদযাপন করছেন। দীর্ঘ কয়েক দিনের ধোঁয়াশা কাটিয়ে অবশেষে তামিলনাড়ু এক নতুন রাজনৈতিক শক্তির হাত ধরে উন্নয়নের নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights