ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার রাত ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষ করে সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, ভুটানের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

এ সময় দুই দেশের ব্যবসা-বাণিজ্য, জ্বালানি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, ভুটানের প্রধানমন্ত্রী বলেছেন, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তার দেশ সেই সরকারের সঙ্গে কাজ করবে। সাক্ষাতের সময় ভুটানের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য একটি ফুলের তোড়া উপহার হিসেবে দিয়েছেন বলেও মির্জা ফখরুল জানান। তিনি বলেন, ওই তোড়াটি তিনি খালেদা জিয়ার কাছে পৌঁছে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights