ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
অনলাইন ডেস্ক
আগামীকাল সোমবার থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ছয় দিনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পজনিত আতঙ্কের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
রবিবার দুপুরে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, অধ্যাপক মো., শেখ গিয়াসউদ্দিন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, গত কয়েক দফার ভূমিকম্পে শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতি বিবেচনায় আজকের মিটিংয়ে ২৯ নভেম্বর পর্যন্ত ক্লাস-পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ক্লাস অনলাইনে নেওয়া হবে। তবে অনলাইন চলাকালে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
তিনি জানান, জকসুর সব কার্যক্রম এ সময় স্বাভাবিকভাবে চলবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হবে।
রেজিস্ট্রার আরও বলেন, আজকের মিটিংয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি অনুযায়ী আগামীকাল ডিসেম্বরের ভেতর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
