ভূমি খাতের সমস্যা দূর করতে ওয়ান স্টপ সার্ভিস চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শুক্রবার রাজশাহীর পদ্মা কমিউনিটি সেন্টারে রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা।

তিনি উল্লেখ করেন, মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানে যেখানে অনিয়ম বা জটিলতা আছে, সেসব ক্ষেত্রে সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একক সেবা কেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ও কম সময়ে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন। এছাড়াও রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে কর্মসংস্থান সৃষ্টিতে আইটি সেক্টর সহ উত্তরের শিল্প ঘন পরিবেশ সৃষ্টি করা হবে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights