ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০৫ দোকান

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরের প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকালে সংঘটিত এ ঘটনায় প্রাথমিকভাবে ১৫ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

ঈদুল আজহার আগে এমন বিপর্যয়ে ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে হতাশা ও অনিশ্চয়তা। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ভূরুঙ্গামারী বাজারের দক্ষিণ পাশে অবস্থিত একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান। তবে দোকানগুলোতে থাকা বিপুল পরিমাণ দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।

ভূরুঙ্গামারীতে নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

ক্ষতিগ্রস্তদের মধ্যে অধিকাংশই কাপড় ব্যবসায়ী। আগুনে প্রায় ৮০টি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া জাকের পার্টির কার্যালয়সহ আরও ২৫টি ফল, জুতা, কসমেটিকস ও বইয়ের দোকান ভস্মীভূত হয়েছে।

ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি টুটুল মিয়া বলেন, এখানকার অধিকাংশ ব্যবসায়ী ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। ঈদকে সামনে রেখে অনেকেই নতুন করে মালামাল তুলেছিলেন। আগুনে সবকিছু শেষ হয়ে গেছে।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিক তথ্যমতে প্রায় ১০৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ কোটি টাকার বেশি হতে পারে।

ইউএনও বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights