ভেড়ামারায় হামলায় আহত পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতির মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ৮ দিন পর বুধবার সকাল ৮ টা ৪০ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল ইসলাম সঞ্জয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বেচ্ছাসেবকলীগ নেতা সঞ্জয়ের ছোট ভাই সম্পদ সকালে তাকে টেলিফোনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২ আগষ্ট রাত ১১ টার দিকে ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিক (৩৫) দলীয় মিটিং শেষ করে কয়েকজনকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে গোডাউন মোড় এলাকায় পৌঁছালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনের নেতৃত্বে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় ও হামলা করে। হামলায় ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিকের পায়ে ও মাথায় মারাত্মক জখম প্রাপ্ত হন। হামলার ঘটনায় বেলাল হোসেন (৩৬) ও শ্যামল সরদার নামে আরও দুই কর্মী আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার ঘটনার পর পরই ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে হামলার মূল নায়ক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনকে গ্রেফতার করে। এদিকে হামলার ঘটনার পরের দিন স্বেচ্ছাসেবকলীগ নেতা সঞ্জয়ের স্ত্রী বিথী রাণী দে বাদী হয়ে ভেড়ামারা থানায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনসহ ১৪ জনের নামে মামলা দায়ের করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল ইসলাম জানান, উক্ত মামলায় শোভনসহ ৫ জন বর্তমানে জেল হাজতে রয়েছেন। বাকি আসামিরা জামিনে রয়েছেন। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
