ভেনিজুয়েলায় ভূমিকম্প: ধ্বংসস্তূপ থেকে চার দিন পর জীবিত উদ্ধার বাবা-ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
ভেনিজুয়েলায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পের চার দিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে এক বাবা ও তার ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ জুন) উপকূলীয় লা গুয়াইরা রাজ্যে ফরাসি ও মার্কিন উদ্ধারকারী দলের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় বাবা-ছেলেকে অত্যন্ত দুর্বল অবস্থায় মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে কাপড়ের অস্থায়ী স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকর্মীদের কাছে এই উদ্ধার অভিযান নতুন আশার সঞ্চার করেছে। এখনও ধ্বংসস্তূপের নিচে জীবিত কেউ আটকে থাকতে পারেন—এমন বিশ্বাস নিয়ে তারা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

উদ্ধারকারী দল জানায়, বিশেষায়িত সার্চ ক্যামেরার সাহায্যে ধ্বংসস্তূপের ভেতরে তাদের অবস্থান শনাক্ত করার পর টানা ১২ ঘণ্টার সতর্ক অভিযানে বাবা-ছেলেকে উদ্ধার করা সম্ভব হয়। ধসে পড়া ভবনের অস্থিতিশীল কাঠামোর কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসাবশেষ সরিয়ে তাদের কাছে পৌঁছাতে হয়।

ফরাসি বেসামরিক নিরাপত্তা বাহিনীর এক সদস্য জানান, চার দিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় তারা মারাত্মক দুর্বল হয়ে পড়েছেন। উদ্ধারের সময় তাদের শরীরে স্যালাইন দেওয়া হয় এবং পানিশূন্যতা দূর করতে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়।

লা গুয়াইরায় পরিচালিত উদ্ধার অভিযানে ফরাসি বেসামরিক নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম অংশ নিচ্ছে। এর আগের দিন একই এলাকায় তারা এক মা ও তার ৯ মাস বয়সী শিশুকেও জীবিত উদ্ধার করে।

গত বুধবারের শক্তিশালী ভূমিকম্পে লা গুয়াইরা রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এতে এখন পর্যন্ত ১৫০০-এর কাছাকাছি মানুষ নিহত হয়েছেন। তবে হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights