ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। দেশটির এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ধীরগতির কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ভাই ও দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ শুক্রবার জানান, সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জন হয়েছে।

এর আগে দেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন। শুক্রবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়ারা রাজ্য পরিদর্শনকালে তিনি বলেন, বিদেশি উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে শুরু করেছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে অসংখ্য ভবন ধসে পড়ে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা করছে, এ দুর্যোগে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। নিখোঁজ ব্যক্তিদের তালিকায় সর্বশেষ প্রায় ৪৯ হাজার ৬০০ জনের নাম রয়েছে। জাতিসংঘের হিসাবে, ভূমিকম্পের প্রভাব পড়তে পারে প্রায় ৭০ লাখ মানুষের ওপর।

সরকারি তথ্য অনুযায়ী, অন্তত ২৫০টি ভবন ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে আটটি হাসপাতাল, রেড ক্রসের ভবন এবং ফ্রান্সের দূতাবাস ভবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights