‘ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ অন্য দেশকেও উৎসাহিত করতে পারে’

অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাশাপাশি, মাদুরো সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের স্বাধীন তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেছে সংস্থাটি।

অ্যামনেস্টি সতর্ক করে বলেছে, ভেনেজুয়েলায় জাতিসংঘের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের এ ধরনের সামরিক হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন ও নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থার ভাঙনকে আরও গভীর করছে। এতে বিশ্বব্যবস্থায় শক্তি, হুমকি ও ভয় দেখানোর ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। অন্য দেশগুলোকেও একই ধরনের পদক্ষেপে উৎসাহিত করতে পারে।

সংস্থাটি বলছে, মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের লঙ্ঘন হতে পারে। একই সঙ্গে ভেনেজুয়েলার শাসনব্যবস্থা ও তেলসম্পদে মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণাও আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে অ্যামনেস্টি জানায়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভেনেজুয়েলার নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি আরও বাড়ার শঙ্কা রয়েছে।

অ্যামনেস্টি ট্রাম্প প্রশাসনকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, আটক ব্যক্তিদের ন্যায্য বিচার, আইনি প্রক্রিয়া ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।

পাশাপাশি, ভেনেজুয়েলা কর্তৃপক্ষকেও পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় তেমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অ্যামনেস্টির মতে, আন্তর্জাতিক আইনের অধীনে ভেনেজুয়েলা সরকার দেশের সব নাগরিকের মানবাধিকার সম্মান ও সুরক্ষা দিতে বাধ্য।

বিবৃতিতে মাদুরো সরকারের সময় যারা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারা এখন প্রতিশোধের শিকার হতে পারেন বলে আশঙ্কা করছে সংস্থাটি। ভেনেজুয়েলার নির্যাতিত জনগণ, ভুক্তভোগী ও দেশ ছেড়ে পালাতে বাধ্য হওয়া লাখো মানুষের প্রতিও সংহতি প্রকাশ করেছে।

সংস্থাটি আবারও দাবি জানিয়েছে, মাদুরো সরকারের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত হওয়া উচিত। প্রমাণ মিললে দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভুক্তভোগীরা ন্যায়বিচার ও ক্ষতিপূরণ পান এবং ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।

সূত্র: আ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights