ভেন্যু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশকে নিয়ে ইতিবাচক আইসিসি

অনলাইন ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ম্যাচ আয়োজন ও দলের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া নানা গুঞ্জনের বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার বেলা পৌনে একটার দিকে প্রকাশিত বিসিবির এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি।

একই সঙ্গে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির দেওয়া মতামত ও পরামর্শ স্বাগত জানানো হবে এবং সেগুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়া হবে।

বিসিবি আরও জানিয়েছে, সম্প্রতি গণমাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে বিসিবিকে নাকি আইসিসির পক্ষ থেকে চূড়ান্ত সতর্কবার্তা বা আলটিমেটাম দেওয়া হয়েছে। তবে এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুর সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে স্পষ্ট করেছে বোর্ড।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি ও সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক, সহযোগিতামূলক ও পেশাদার সম্পর্ক বজায় রেখে আলোচনা চালিয়ে যাবে, যাতে একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো যায় এবং টুর্নামেন্টে দলের অংশগ্রহণ নির্বিঘ্ন ও সফল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights