ভৈরবে ২২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে চালের ড্রামে গাঁজা পাচারকালে ২২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি ভৈরব উপজেলার জগন্নাথপুর বেণীবাজারে একটি মাদ্রাসার সামনে অভিযান চালায়। এ সময় উজ্জ্বল মিয়া (১৯) নামে একজনকে আটক করে। পরে তার কাছে থাকা একটি চালের ড্রাম তল্লাশি করে ৮টি বান্ডিলে মোড়ানো ২২ কেজি গাঁজা, একটি মোবাইল ফোনসেট ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। উজ্জ্বল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুড়াপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

র‌্যাবের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার উজ্জ্বল মিয়াকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights