ভোজনবিলাস: বিফ স্টেক তৈরির সহজ পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক

এখনো কাটেনি কোরবানির আমেজ। বর্ষা কাল বলে বৃষ্টির এই ঘনঘটায় শুধু গরুর মাংস রান্না খেতে ভালো লাগার কথা নয়, তাই চাই নানা পদের কাবাব। যা নাশতা হিসেবেও লুচি আর চায়ের সঙ্গে জমবে দারুণ।

বিফ বারবিকিউ কাবাব

উপকরণ
গরুর কিমা ১ কেজি, পিঁয়াজ বাটা ১ টেবিল চামচ, কাঁচা পেঁপে বাটা ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চাম, বড় কালো এলাচ ৩টি, ছোট এলাচ ৬টি, তেজপাতা ৩টি, দারুচিনি ৪/৫ পিস, কালো গোলমরিচ ১ চা চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, কাবাবচিনি ৮/১০টি, জিরা বাটা ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, শাহী জিরা ২ চা চামচ, শিক ৮/১০টি, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সরিষার তেল পরিমাণ মতো।

প্রণালি

প্রথমে মাংস ধুয়ে নিয়ে পানি ঝরাতে হবে। এবার পিঁয়াজ বাটা, পেঁপে বাটা, লবণ, তেল, জিরা বাটা, আদা ও রসুন বাটাসহ বাকি সব মসলা দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। মসলাগুলো দিয়ে মাখিয়ে ২/৩ ঘণ্টা মেরিনেট করে রেখে দেন। এবার মেরিনেট করা মাংসগুলো শিকে গেঁথে নিন। এরপর এটা কয়লার আগুনে ঝলসিয়ে নিয়ে চার পাশ পোড়া পোড়া করে নামিয়ে নিন। নান, পোলাও, গরম ভাত, লাচ্ছা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

বিফ স্টেক

উপকরণ

গরুর মাংস ৬ পিস, রসুন পেস্ট ৪ টেবিল চামচ, আদা পেস্ট ৪ চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, ভিনেগার ২ টেবিল চামচ, সয়া সস ৩ টেবিল চামচ, মধু ১ চা চামচ, তেঁতুল পেস্ট ২ টেবিল চামচ, লালমরিচ গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ এবং লবণ পরিমাণ মতো।

প্রণালি

সব উপকরণ একটি পাত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মাংস এপিঠ ওপিঠ ঘুরিয়ে মসলার মিশ্রণটি লাগিয়ে নিতে হবে। এরপর একটি এয়ার টাইট বক্সে বাকি মিশ্রণটি ঢেলে নিয়ে ফ্রিজে ৮-১২ ঘণ্টা রেখে দিতে হবে। মেরিনেট হয়ে গেলে একটি গ্রিল প্যানে ১ চামচ তেল ব্রাশ করে তার ওপর মাংসের পিসগুলো দিয়ে দিতে হবে। মাংসের পিসগুলো দুই পাশ ঠিকমতো উল্টে-পাল্টে দিতে হবে যেন মাংস ভালো করে সিদ্ধ হয়। হালকা বাদামি বা লাল রং হয়ে গেলেই রেডি সুস্বাদু ও মজাদার রেসিপি বিফ স্টেক।

গরুর চাপ কাবাব

উপকরণ

গরুর মাংস ৪০০ গ্রাম, টক দই ২ টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, জিরা বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাবাব মসলা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি

ভালো করে মাংস ছেঁচে নিন। এবার সব উপকরণ দিয়ে মাংস ভালো করে মাখিয়ে ৩-৪ ঘণ্টা মেরিনেট করে রাখুন। তারপর একটি পুরু লোহার তাওয়ায় মাখানো মাংস দিয়ে মাঝারি আঁচে চুলায় গরম হতে দিন। তেলে মাখানো মাংস হালকা আঁচে দীর্ঘক্ষণ ভাজতে থাকুন। মাংস ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।

লেখক: সোনিয়া রহমান, রন্ধনশিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights