ভোটকেন্দ্র মেরামত করতে চার সচিবকে ইসির চিঠি

অনলাইন ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য স্থাপনাগুলো সংস্কার/মেরামত সংক্রান্ত অগ্রগতির তথ্য দিতে চার সচিব ও দুই সংস্থার প্রধান প্রকৌশলীকে জরুরি চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার সংশ্লিষ্ট ব্যক্তিদের এ সংক্রান্ত একটি চিঠি পাঠান নির্বাচন কমিশনের উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহান।

যেসব সচিব ও প্রধান প্রকৌশলীকে ইসি চিঠি দিয়েছে তারা হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী।

চিঠিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত ভোটকেন্দ্র এবং সম্ভাব্য ভোটকেন্দ্রগুলোর মধ্যে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই এবং কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে দরজা জানালা জরাজীর্ণ অবস্থায় আছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই এবং যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছোটোখাট মেরামত/সংস্কার প্রয়োজন তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে নিজস্ব অর্থায়নে সংস্কার বা মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পত্র পাঠানো হয়েছে।

এই অবস্থায়, আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য স্থাপনাগুলোর সংস্কার কার্যক্রমের অগ্রগতির তথ্যাদি বিশেষ প্রয়োজন। এই তথ্যাদি সংগ্রহপূর্বক আগামী ১৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানানো হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights