ভোটারদের নিরাপত্তায় বিজিবি ‘শঙ্কামুক্ত’ পরিবেশ নিশ্চিত করবে: মহাপরিচালক

পঞ্চগড় প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবির ওপর অর্পিত সব দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত অস্থায়ী বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।

বিজিবি মহাপরিচালক জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপদ রাখার পাশাপাশি সারা দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এ ছাড়া ঝুঁকি বিবেচনায় দেশের ৩০০টি সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে।

তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী। নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, বিশেষ ব্রিফিং, আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশনা ও আচরণবিধি অনুসরণ সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে শান্ত, পেশাদার ও আইনসম্মতভাবে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স, র‌্যাপিড অ্যাকশন টিম, কে-৯ ডগ স্কোয়াড, ড্রোন ও বডি অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থার কথাও জানান তিনি।

মতবিনিময় সভায় বিজিবি মহাপরিচালক বলেন, পঞ্চগড় একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও সীমান্ত জেলা। সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

সভায় উপস্থিত ছিলেন বিজিবির রিজিওন কমান্ডার, পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা এবং সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights