ভোটারের অপেক্ষায় থেকে ঘুমিয়ে পড়েছেন পোলিং এজেন্ট

অনলাইন ডেস্ক

তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের ভোটগ্রহণ চলছে। এতে সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা একদম কমে গেছে।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বল্লভপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা গেছে।

ওই কেন্দ্রের ৫নং বুথে গিয়ে দেখা যায়, টিউবওয়েল প্রতীকের পোলিং এজেন্ট মো. রাসেল মিয়া তার সামনে থাকা টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। তার সঙ্গে থাকা অন্য এজেন্ট ও পোলিং অফিসাররা খোশগল্পে মেতেছেন।
ওই বুথের সহকারী প্রিসাইডিং অফিসারের দাবি, অনেকক্ষণ হয়ে গেল ভোটার আসে না। তীব্র গরমে অতিষ্ঠ বুথের সবাই। ভোটকক্ষে বৈদ্যুতিক সংযোগ না থাকায় আরো বেশি বিপাকে পড়েছেন তারা।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, সকালের দিকে ভোটারের কিছুটা চাপ ছিল। এখন সে তুলনায় কম। কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬২৯ জন। দুপুর সোয়া ১টা পর্যন্ত ভোট পড়েছে ৮৪০টি।

উল্লেখ্য, কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ৭৪৬ জন ভোটার রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights