ভোটের আগে সবাই মাজারে যায় কিন্তু হামলা হলে কেউ আসে না: মঞ্জু

অনলাইন ডেস্ক
ভোটের আগে সবাই মাজারে যায় কিন্তু মাজারে হামলা হলে কেউ সহমর্মিতা দেখাতে আসে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি সাম্প্রতিক সময়ে মাজার ও মাজার ভক্তদের ওপর হামলাকে বিরুদ্ধ মতের ওপর হামলা অভিহিত করে এর বিরুদ্ধে জুলুম ও বৈষম্যবিরোধী নাগরিকদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

রবিবার সকালে রাজধানীর মিরপুর শাহ আলী বাগদাদী (রহ.) এর মাজার প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাব বৈঠকী সভার যৌথ আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোহাম্মদ রোমেলের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। বিপুল সংখ্যক বিক্ষুব্ধ মাজার ভক্ত, সাধক, বাউল ও দর্শনার্থী সমাবেশে অংশ নেন।

বৃহস্পতিবার রাতে মীরপুর শাহ আলী মাজারে আগতদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সেই হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ছোটবেলায় আমরা অনেকেই ভক্তি সহকারে মাজার জিয়ারত করেছি, মাজারে মোমবাতি জ্বালিয়েছি। কিন্তু বিজ্ঞ আলেমদের কাছ থেকে যখন জানতে পেরেছি, এগুলো ধর্মমতে সহী কাজ নয়; আমরা সেগুলো পরিহার করেছি।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিজ্ঞ আলেমগণ আমাদের যুক্তি দিয়ে বুঝিয়েছেন কিন্তু কখনোই মাজারে হামলা করে এসব কাজ বন্ধ করে দেয়ার জন্য উদ্বুদ্ধ করেননি। যুক্তি দিয়ে বুঝিয়ে মানুষকে সংশোধন করাই হলো ইসলামের কাজ। বিরোধীমতের ওপর শক্তি প্রয়োগ ও হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

সারাদেশের মাজারগুলোতে সিসি ক্যামেরা লাগানোর দাবি জানিয়ে তিনি বলেন, মাদকবিরোধী অভিযান শুরু করতে হবে সচিবালয় ও জাতীয় সংসদ থেকে। প্রয়োজনে সংসদ, সচিবালয় ও পুলিশ প্রশাসনের মধ্যে যারা মাদকাসক্ত, তাদের তালিকা প্রকাশ করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ন আহ্বায়ক সারোয়ার তুষার, ফরিদুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights