ভোলায় অস্ত্র-গুলিসহ কুখ্যাত হেজু ডাকাত আটক

অনলাইন ভার্সন
ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপ গান, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি রকেট ফ্লেয়ারসহ ফেরদৌস ওরফে হেজু নামে এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ মে) রাত ১১টা থেকে বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত তজুমদ্দিন থানার মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট তজুমদ্দিন। অভিযানের একপর্যায়ে চিহ্নিত ডাকাত ফেরদৌস ওরফে হেজু ডাকাতের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপ গান, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক ফেরদৌস ওরফে হেজু ডাকাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ২৭ মার্চও কোস্ট গার্ড তাকে অস্ত্রসহ আটক করেছিল। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights