ভ্রমণপিপাসু জীবনসঙ্গী চেয়ে অভিনব বিজ্ঞাপন!

অনলাইন ডেস্ক

বিয়ের পর পৃথিবীটাই হবে সংসার! রান্নাবান্না না জানলেও হবে। ঘরের কাজে নিপুণা না হলেও ক্ষতি নেই। চাই শুধু একটা ভ্রমণপিপাসু মন। তবেই বিয়ে করবেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার টালিগঞ্জের মুক্তিব্রত ঘোষ! সম্প্রতি সংবাদপত্রের ‘পাত্রী চাই’ কলামে আজব বিজ্ঞাপন দিয়েছেন তিনি। বিজ্ঞাপনটি প্রকাশিত হতেই শোরগোল পড়ে গেছে।

কী রয়েছে সেই বিয়ের বিজ্ঞাপনে? ‘‘ইঞ্জিনিয়ার পাত্রের সারা পৃথিবী ঘোরার নেশা। বছরে ৫ লাখ খরচ করেন ঘোরার জন‌্য। ভ্রমণপিপাসু যে কোনও বয়সের প্রেসেন্টেবল পাত্রী চাই।’’ নিজের বয়স খোলসা করেননি পাত্র। চানও না করতে। নিজের সম্পর্কে বলেছেন, ‘‘চাকরি, ব‌্যবসা দুইটাই করি। টাকার অভাব নেই।’’

আগামী বছরের মে মাসে লম্বা সময়ের জন্য ইউরোপ ট‌্যুরে বের হবেন মুক্তিব্রত। তার আগেই বিয়ে করতে চান। ঘরে তার বিশেষ মন টেকে না। ঘরে দেখেছেন অনেক পর্যটন স্থান। পাত্র হিসেবে নিজেকে উদার প্রশংসাপত্র দিয়েছেন।। নিজের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ‘‘আমার মাত্র একটাই নেশা। ওই ভ্রমণের। মদ, চা, সিগারেট কিছুই খাই না। শুধু টাকা জমিয়ে ঘুরতে ভালবাসি। অনেক দেশ ঘুরেছি। আগামী ২ মে ইউরোপ ট‌্যুরে যাচ্ছি।’’
এক জীবনে সারা পৃথিবী ঘোরা যায়? এই নিয়ে আক্ষেপ রয়েছে মুক্তিব্রতর। ‘‘কোথায় আর যায়। চাকরি রয়েছে। টাকা জমাতে জমাতেই ২০ বছর লেগে যায়।’’ শুধু ঘুরে বেরানো নয়। ভ্রমণ কাহিনী পড়তেও ভালোবাসেন তিনি।

মুক্তিব্রত জানান, ‘‘আগেকারদিনে কত মানুষ পায়ে হেঁটে ঘুরে বেড়াত। আমি তো বিমানে চেপে ঘুরি।’’ এবার মুক্তিব্রত আর একা একা নন, ঘুরে বেড়াতে চান স্ত্রীর সঙ্গে। সঙ্গিনী থাকলে ঘুরে বেড়ানোর সময় একাকিত্ব কমে। ৫ ফুট 8 ইঞ্চি উচ্চতার মুক্তিব্রতর একটাই দাবি, ‘‘বয়স কোনও বাঁধা নয়। চল্লিশ হোক বা পঞ্চাশ কিম্বা ষাট। ভ্রমণপিপাসু একজন প্রেসেন্টবল পাত্রী চাই।’’

সূত্র: সংবাদ প্রতিদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights