মঙ্গলবার থেকে শুরু হজ ফ্লাইট

অনলাইন ডেস্ক

চলতি বছরের হজ ফ্লাইট আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ২টা ১৫ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যাবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইটের উদ্বোধন করবেন বলে জানা গেছে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন।

এ বছর নির্বিঘ্নে হজযাত্রার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ তিনটি এয়ারলাইনস প্রস্তুত রয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

উল্লেখ্য, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ৪ বা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের গুরুত্বপূর্ণ অংশ আরাফাতের ময়দানে খুতবা প্রদান করা হবে মসজিদে নামিরা থেকে।

বিশ্বব্যাপী মুসলিমদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই খুতবা এবারও সরাসরি সম্প্রচার করা হবে এবং তাৎক্ষণিকভাবে বাংলা, ইংরেজি, ফরাসি, উর্দু, চাইনিজ, তুর্কি, রাশিয়ানসহ ২০টি ভাষায় অনূদিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights