মতিউরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল দুদক

অনলাইন ডেস্ক

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে জেলগেটে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মামলায় সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি মতিউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একটি মামলায় গত ২১ জানুয়ারি মতিউরের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

মামলাটিতে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্য মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করার অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে মতিউরের বিরুদ্ধে ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights