মদনের হাওর থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদনের প্রত্যন্ত হাওড় থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে মদন থানার পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের চত্রমপুর তলার হাওড়ের বালিয়াজুরী বিলের পাশের কাঁচা রাস্তা থেকে মরদেহ উদ্ধার করে নৌকাযোগে শুক্রবার সকালে মদেনর বালাই ব্রিজে পৌঁছে পুলিশ। পরে মৃতদেহের ফিঙ্গারপ্রিন্ট ও সুরুতহাল রিপোর্ট তৈরি শেষে নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়দের খবরে রাতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হাওরাঞ্চলের বোরো ধান কর্তন শেষ হওয়ায় হাওরের লোকজনের যাতায়াত কমে গেছে। ফতেপুর থেকে তলার হাওড় হয়ে চত্রমপুর যাওয়ার মাত্র একটি কাঁচা রাস্তা রয়েছে। ওই রাস্তায় বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা মরদেহের পাশে একটি পাঞ্জাবি এবং একটি শপিং ব্যাগ দেখে। পরে মদন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ যানবাহনের সুবিধা না থাকায় শুক্রবার সকালে নদীপথে চত্রমপুর থেকে লাশ নিয়ে আসে বালই নদীর ট্রলার ঘাটে।
এ ব্যাপারে মদন থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খান জানান, চত্রমপুর তলার হাওরের বালিয়াজুরী বিলের পাশে থেকে অজ্ঞাত এক বৃদ্ধের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে মরদহ শনাক্ত হলে পরিবার খোঁজে তাদের কাছে হস্তান্তর করা হবে।
