মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

অনলাইন ডেস্ক

সৌদি আরবের মদিনার সব মসজিদে নারীদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আলাদা স্থান খোলার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে আগে যেসব মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা শুধু জুমা, রমজানের তারাবি, ঈদ বা হজ-ওমরাহর ব্যস্ত মৌসুমে চালু থাকত, সেসব স্থান এখন নিয়মিত খোলা থাকবে।

সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ এ অনুমোদন দিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

নতুন নির্দেশনার আওতায় মদিনার আবাসিক এলাকার মসজিদ এবং বড় জামাতের মসজিদগুলোতেও পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। এর ফলে মদিনায় কর্মজীবী, পর্যটক, ব্যবসা বা কেনাকাটার কাজে বের হওয়া কিংবা ভ্রমণরত নারীরা বাড়িতে ফিরে না গিয়ে কাছের মসজিদে নামাজ আদায় করতে পারবেন।

মদিনা অঞ্চলের ইসলামবিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়ের শাখা নতুন সিদ্ধান্তটি বাস্তবায়ন করবে। নারীদের নামাজের স্থানগুলোর ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে নারী মাঠকর্মীদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মদিনার ঐতিহাসিক কয়েকটি মসজিদে নারীদের নির্ধারিত স্থান তদারকি ও নিরাপত্তার জন্য ১১৫ জন নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব মসজিদের মধ্যে সাইয়্যিদ আল-শুহাদা, কিবলাতাইন, খন্দক, গামামাহ, মুস্তারাহ ও জুমআ মসজিদ রয়েছে। তবে নতুন সিদ্ধান্তটি মসজিদে নববীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। মসজিদে নববীতে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা নিয়মিতভাবে চালু রয়েছে।

সূত্র: হজ গেজেট, দ্যা ইসলামিক ইনফরমেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights