মধ্যপাড়া খনিতে পাথর উৎপাদন বন্ধ

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া খনিতে বৃহস্পতিবার সকাল থেকে পাথর উৎপাদন বন্ধ হয়ে গেছে। পাথর রাখার জায়গা না থাকায় খনির উৎপাদন ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়ে নোটিশ টানিয়ে দিয়েছে। সেই সঙ্গে খনিতে কর্মরত সাত শতাধিক শ্রমিক-কর্মচারীকে অনির্দিষ্ট সময়ের জন্য ছুটি দেওয়া হয়েছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু দাউদ মো. ফরিদুজ্জামান এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জিটিসি কর্তৃপক্ষ বলছে, প্রতি মাসে উৎপাদন বাড়লেও পাথর বিক্রিতে গতি নেই। প্রতি মাসে প্রায় দেড় লাখ মেট্রিক টন পাথর উৎপাদনের বিপরীতে বিক্রি হয় ৫০ থেকে ৬০ হাজার মেট্রিক টন পাথর। এতে খনির ৯টি ইয়ার্ডে বিভিন্ন আকারের প্রায় ১০ লাখ মেট্রিক টন পাথরের বিশাল মজুত গড়ে উঠেছে। রেকর্ড পরিমাণ উৎপাদন করেও সময়মতো বিল পাচ্ছে না জিটিসি।

পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনি কর্তৃপক্ষ ও উৎপাদন ঠিকাদার জিটিসির মধ্যে মূল্য সমন্বয় নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় পুরোদমে পাথর উৎপাদন করেও জিটিসি শতভাগ বিল পাচ্ছে না। খনি কর্তৃপক্ষ গত বছরের মার্চ থেকে ঠিকাদারের প্রতি মাসের উৎপাদন ও আনুষঙ্গিক খরচের বিলের ৭৫ শতাংশ দিচ্ছে। প্রতি মাসে ২৫ শতাংশ বিল কম দেওয়ায় জানুয়ারি পর্যন্ত ১১ মাসে জিটিসির পাওনা দাঁড়িয়েছে প্রায় ৮৩ কোটি ৬০ লাখ টাকা। সময়মতো উৎপাদন বিল না পাওয়ায় ৭ শতাধিক দেশীয় খনিশ্রমিক-কর্মচারী ও প্রায় ১০০ বিদেশি খনি বিশেষজ্ঞ প্রকৌশলীর বেতন-ভাতা দিতে ঝামেলা হচ্ছে জিটিসির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights