মধ্যপ্রাচ্যের চার রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে চারটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
স্থগিত হওয়া রুটগুলো হলো কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
তিনি জানান, যাত্রীদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তার মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটও আপাতত বন্ধ রাখা হয়েছে। এই দুটি রুটে ফ্লাইট ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
বোসরা ইসলাম আরও বলেন, পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া সাপেক্ষে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট পুনরায় চালু করা হতে পারে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের দ্রুত জানানো হবে।
ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের বিমানের কলসেন্টার ১৩৬৩৬ (দেশের ভেতর) অথবা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
