মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আইসিসির সভা বাতিল

স্পোর্টস ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে ক্রীড়াঙ্গনে প্রভাব বাড়ছে। চলতি মাসে কাতারের দোহায় হওয়ার কথা থাকা আইসিসির বোর্ড ও বিভিন্ন কমিটির সভা বাতিল ঘোষণা করা হয়েছে। তবে অর্থ সংক্রান্ত কিছু বৈঠক আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এপ্রিল মাসে সভা সশরীরে হওয়ার সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে মধ্যপ্রাচ্যে বিমান যোগাযোগ স্বাভাবিক হওয়ার ওপর।

প্রথমবারের মতো ২৫ থেকে ২৭ মার্চ কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সভা। এতে অংশ নেওয়ার কথা ছিল আইসিসি বোর্ড পরিচালক, প্রধান নির্বাহী, কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এবারের সভার তিনটি মূল আলোচ্য বিষয় ছিল—

১. বিশ্বব্যাপী সম্প্রচার সত্ত্ব (২০২৭ সালে শেষ হবে জিওস্টারের সঙ্গে আইসিসির চুক্তি),
২. পরবর্তী ভবিষ্যৎ সফরসূচি নিয়ে প্রাথমিক আলোচনা,
৩. ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকসের যোগ্যতা অর্জন প্রক্রিয়া।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে ইরানে বিমান হামলা চালায়। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বিশেষ করে মার্কিন ঘাটিতে ইরান মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। এতে বিমান যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।

চলমান সংকটের প্রভাব পড়েছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সাদা বলের সিরিজেও। সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার শুরু হওয়ার কথা থাকা সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights