মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের
অনলাইন ডেস্ক
চলমান বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
রবিবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই তথ্য জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে তেহরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ‘বৈধ লক্ষ্য’ হিসেবে আঘাত করবে।
আন্তর্জাতিক বিশ্লেষক ও গবেষণা সংগঠন কাউন্সিল অন ফরেইন রিলেশনস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ১৯টি সামরিক ঘাঁটি বা স্থাপনা রয়েছে। যার মধ্যে কয়েকটি স্থায়ী ও গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচিত।
ইরানে তীব্র অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। আনাদোলু এজেন্সি জানিয়েছে, দেশজুড়ে বিক্ষোভ চলাকালীন গতকাল শনিবার অন্তত শতাধিক মানুষ নিহত হয়েছেন।
তেহরানের এক চিকিৎসক টাইম ম্যাগাজিনকে বলেছেন, রাজধানীর ছয়টি হাসপাতালে কমপক্ষে ২১৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে সরাসরি বুলেটের আঘাতে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিক্ষোভ চলার মধ্যেই কয়েকবার হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ না করারও সতর্কবার্তা দেন। গতকাল শনিবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র আন্দোলনকারীদের সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
এদিকে, ইরানের বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্টের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল।
সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি, আল-জাজিরা
