মধ্যরাত থেকে শুরু নিষেধাজ্ঞা, তীরে ফিরেছেন জেলেরা

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার মধ্যরাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিপণন ও মজুদে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ফলে বিকেল থেকেই একে একে ফিশিং ট্রলার নিয়ে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আইন অমান্য করলে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে।

জেলেরা জানান, আষাঢ় থেকে আশ্বিন ইলিশের প্রধান মৌসুম হলেও এর মধ্যে ৬৫ দিনের ও ২২ দিনের নিষেধাজ্ঞা, বৈরী আবহাওয়া এবং নদীতে পর্যাপ্ত ইলিশের অভাবে তারা লোকসানের মুখে পড়েছেন। নিষেধাজ্ঞা চলাকালে উপকূলের প্রায় দেড় লাখ জেলে কর্মহীন হয়ে পড়বেন। তাই পরিবার চালাতে সরকারের কাছে খাদ্য সহায়তা ও নগদ অর্থের দাবি জানিয়েছেন তারা।

প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে মা ইলিশ রক্ষায় নদীতে কঠোর নজরদারি থাকবে। মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান চালাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights