ময়মনসিংহে পুলিশ বক্সের সামনে যুবদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর পাটগুদাম বীজ মোড়ের পুলিশ বক্সের সামনে ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে এক যুবদলকর্মী খুন হয়েছেন।

বুধবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রিয়াদ নগরীর কালিবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন বলেন, রিয়াদের হাঁটুর ওপরে ছুরিকাঘাত করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

নিহতের বাবা সাইদুল হক অভিযোগ করেন, ছুরিকাঘাতের পর তার ছেলে অস্থায়ী পুলিশ বক্সের ভেতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে ছিল, কিন্তু কেউ উদ্ধার করেনি। পরে পরিবারই হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তিনি বলেন, ‘আমার ছেলে যুবদল নেতা ইনছানের সঙ্গে রাজনীতি করত। সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনিদের শনাক্ত ও বিচারের দাবি জানাচ্ছি।’

মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইনছান বলেন, রিয়াদ যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, এলাকায় সক্রিয় একটি ছিনতাইকারী চক্রের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights