মরিনহোর প্রত্যাবর্তনে জয় দিয়ে মৌসুম শুরু রিয়ালের
অনলাইন ডেস্ক
জয়টা প্রায় হাতছাড়া হতে বসেছিল রিয়ালের। শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় কার্লোস এস্পির গোলে এস্পানিওলকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। নতুন মেয়াদে কোচ হিসেবে হোসে মরিনহোর যাত্রাও শুরু হলো জয় দিয়ে।
আরসিডিই স্টেডিয়ামে ৯ মিনিটে আরদা গুলারের ফ্রি কিক থেকে দুর্দান্ত হেডে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহাম। তবে ৩০ মিনিটে জাভি হার্নান্দেজের কাটব্যাক থেকে গোল করে এস্পানিওলকে সমতায় ফেরান অ্যালেক্স ক্যালাত্রাভা।
দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল। গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ বেশ কয়েকটি দারুণ সেভে দলকে ম্যাচে রাখেন। ফেদেরিকো ভালভেরদের একটি শট পোস্টে লেগে ফিরে আসে।
শেষ পর্যন্ত ৮০ মিনিটে বেলিংহামের বদলি হিসেবে মাঠে নামা কার্লোস এস্পি ব্যবধান গড়ে দেন। বক্সের ভেতরে এমবাপেকে বাধা দেওয়ার পর আলগা হয়ে যাওয়া বলে লক্ষ্যভেদ করে রিয়ালকে ২-১ ব্যবধানে জয় এনে দেন তিনি।
১৩ বছর পর গত জুনে রিয়ালের কোচ হিসেবে ফিরেছেন মরিনহো। প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট তুলে নিল তার দল।
