মসিক নির্বাচন : ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থীর নির্বাচনি ইশতেহার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম ২০ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন তিনি।

২০ দফা ইশতেহারের মধ্যে রয়েছে স্মার্ট সিটি নির্মাণে ‘সিটি অ্যাপ’র প্রচলন, যানজট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং নগরীর অভ্যন্তরে ওয়ানওয়ে রোড বাস্তবায়ন, নগরের অভ্যন্তরে গণপরিবহনের টেকসই সমাধান, নগরের অভ্যন্তরে ট্রাক ও ভারী যানবাহন চলাচলের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ, ড্রেনেজ ব্যবস্থা বিজ্ঞানসম্মত টেকসই উপায়ে আধুনিকায়ন, জনগণের মতামতের ভিত্তিতে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ, মাদক, চাঁদাবাজি, চুরি, ছিনতাই এবং সন্ত্রাসমুক্ত নিরাপদ ও বসবাসযোগ্য নগরী গড়ে তোলা, রেললাইনের পাশের ছোট রাস্তাগুলোকে যানবাহন চলাচলের উপযোগী করে তোলা, সিটি কর্পোরেশন এলাকায় ধর্মীয় উপাসনালয়ে অনুদান প্রদান, নগরীর খাল পরিষ্কার ও দখলমুক্ত করা, মশক নিধনে টেকসই পরিকল্পনা গ্রহণ, প্রাচীন ময়মনসিংহের ঐতিহ্য ধারণ করার স্বার্থে জাদুঘর ও সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তোলা এবং ময়মনসিংহ গীতিকার ঐতিহ্য ফিরিয়ে আনা, নগরের গুরুত্বপূর্ণ স্থানে কর্মজীবী নারীদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু করা, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সিটি কর্পোরেশন উপবৃত্তি চালু করা, বাণিজ্যিক ও আবাসিক এলাকায় পরিকল্পিত অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন, বস্তিবাসীদের নাগরিক সুবিধা নিশ্চিত করা, হকারদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা, নগরীর পুরনো সবুজায়ন ফিরিয়ে আনা, নগরে শিশু পার্কের ব্যবস্থা করা ও রাস্তার কুকুরদের নিয়মিত ভ্যাকসিন প্রদান, কুকুর হত্যা কঠোরভাবে বন্ধকরণ, কুকুর জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ এবং অসুস্থ কুকুর-বিড়ালদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ।

এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, শ্রম বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক শরাফ উদ্দিন বায়জীদ, আওয়ামী লীগ নেতা কাজী আজাদ জাহান শাহীন, মোস্তফা রায়হান অসীম, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তাফসীর আলম রাহাত, মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক স্মৃতি আক্তার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights