মহাদেবপুরের কালনা বিলে ৬ মণ মাছের পোনা অবমুক্ত
নওগাঁ প্রতিনিধি
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই স্লোগানে নিজ উদ্যোগে নওগাঁর মহাদেবপুরের মাতাজীহাটের কালনা বিলে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার সকালে পোনা অবমুক্ত করেন রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান।
রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান বলেন, কালনা বিলে যাতে সারা বছর মাছ থাকে এবং নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণ করতে পারে। আর যারা সারাবছর মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তাদের জন্যই মূলত এ ব্যবস্থা। একই সাথে তিনি সকল ধরনের কারেন্ট জাল না ফেলা ও পোনা মাছ না ধরার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, ইউপি সদস্য ও সচিবসহ সকল শ্রেণি পেশার জনগণ উপস্থিত ছিলেন। কালনা বিলে ৬ মণ বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া ডেঙ্গু থেকে ইউনিয়নবাসীকে রক্ষায় লিফলেট বিতরণ এবং মশক নিধনে ফগার মেশিনের মাধ্যমে মশা মারা বিষ ছিটানো হয়।
