মহাসড়ক নিয়ে দ্রুত সুখবর পাবে বরিশালবাসী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সড়ক, রেলপথ, নৌপরিবহন এবং সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকা-বরিশাল মহাসড়ক দুই লেনের রাস্তা। এটা দিয়ে চলাচল করা গেলেও আরও বড় করা দরকার। এটা সরকার উপলব্ধি করে। এবার এসে দেখে গেলাম। দ্রুত কিভাবে কাজটা শুরু করা যায় সে পরিকল্পনা সরকারের আছে। দ্রুত আপনারা সুখবর পাবেন। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার এই সরকার উন্নয়ন নিশ্চিত করতে চায়।

মঙ্গলবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জে গোমা সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, দুই তিনদিনের মধ্যে দেড় কোটি লোক ঢাকা ছাড়ছে। এই যাত্রা স্বাভাবিক করাটা চ্যালেজ্ঞিং। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেভাবে কাজ করছি আশা করি কোনো ভোগান্তি ছাড়াই মানুষ ঈদে যাতায়াত করতে পারবেন। স্বজনদের কাছে যাবেন।

মন্ত্রী আরও বলেন, গোমা সেতু এই এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় ২৮৩ মিটারের মতো দূরত্ব সেতুটির। আমার বিশ্বাস এই অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য এই সেতু একটি যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বরিশাল ৬ আসনের সাংসদ আবুল হোসেন খান সহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights