মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটি গ্রেফতার

অনলাইন ডেস্ক
রাজধানীর তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে শুক্রবার জুমার নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূল আয়োজক মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শনিবার বিকাল ৪টার দিকে রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতার নাহিদা নূর সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া তিনি কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কাফরুল থানা ৯৪ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

ডিবি জানায়, সুইটি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে রাজধানীতে ঝটিকা মিছিলের আয়োজন করছিলেন। তিনি অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধকরণসহ আর্থিক সহায়তাও দিতেন। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেন। তেজগাঁওয়ের ঝটিকা মিছিলে তিনি নিজে বোরকা পরে স্বামীসহ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights