মাইক্রোবাসে মহড়া দেওয়ায় পদ হারালেন ছাত্রদল নেতা

নাটোর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, উপজেলা নির্বাচন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও রবিবার বিকেলে অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে একটি মহড়া দেন মাসুদ রানা। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ থেকে নিজের অবস্থান জানান দিতে এ কর্মসূচি আয়োজন করেন।

প্রায় ৪০০ নেতাকর্মী নিয়ে মহড়াটি গুরুদাসপুর সরকারি পাইলট মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

এরই পরিপ্রেক্ষিতে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়। সিদ্ধান্তটি অনুমোদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ বিষয়ে মাসুদ রানা বলেন, তাকে শুধু সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights